ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শর্ত বাংলাদেশের কাছে আসেনি। ভবিষ্যতে এ ধরনের শর্ত জানানো হলে সরকার বিষয়টি পর্যালোচনা করবে।
এ সময় শেখ হাসিনার সাজা কার্যকরের প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে।
সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের খবর প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্য এল।
গত ১২ নভেম্বর বিবিসি বাংলার একটি প্রতিবেদনে নয়াদিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্তের আভাস দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্তটি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে। ভারতীয় কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।
এ ক্ষেত্রে বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে আসতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দ্বিতীয় শর্তটি শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পর্কিত।
বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত নেওয়ার পর তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে আপিল করার সুযোগ দিতে হবে।
একই সঙ্গে জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তাও বাংলাদেশ সরকারের কাছে চাইতে পারে ভারত।
তবে এসব শর্ত ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে সম্ভাব্য শর্তের বিষয়টি সামনে এলেও আনুষ্ঠানিক কূটনৈতিক অবস্থান হিসেবে তা এখনো নিশ্চিত নয়।
এমন পরিস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো শর্ত বাংলাদেশের কাছে আসেনি।














মন্তব্যসমূহ