রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন মানদণ্ডে জনতা ব্যাংকের মতো বড় ও আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক পরিচয় নয়, প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে আলোচনা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক আর্থিক সংকটে পড়েছে।
জনতা ব্যাংকের খেলাপি ঋণের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত বছরের জুনে ব্যাংকটির মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ম্যাক্সিম গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলম গ্রুপের ১০ হাজার ২০০ কোটি, অ্যানেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।
ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতির জন্য নিয়োগ ও পরিচালনাব্যবস্থার অনিয়মকেও দায়ী করেন তিনি।
হাসনাত অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগপ্রক্রিয়া এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে ব্যাংক খাতে সংকট গভীর হয়েছে।
তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ব্যাংক পরিচালনায় সরকারের হস্তক্ষেপ বন্ধের কথাও বলা হয়েছিল।
এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জানতে চান হাসনাত।
সাউথইস্ট ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, ২০২৪ সালের পর থেকে ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
এমন একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের এমডি হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে কী যোগ্যতা বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা চান তিনি।
একই সঙ্গে নিয়োগের মানদণ্ড সরকার এককভাবে নির্ধারণ করবে, নাকি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেই প্রশ্নও তোলেন সংসদ সদস্য।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই।
তিনি জানান, নিয়োগপ্রক্রিয়ায় একটি প্যানেল কাজ করছে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কোনো প্রার্থী সরকারি ব্যাংক থেকে এসেছেন নাকি বেসরকারি ব্যাংকে কাজ করেছেন, সেটি নিয়োগের প্রধান বিবেচ্য বিষয় নয়। ব্যাংক পরিচালনায় তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্যাংকগুলোকে আর্থিক সংকট থেকে বের করে আনতে দক্ষ নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শুধু এমডি পদেই নয়, পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রেও প্যানেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ দেওয়া হবে না।
ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কেও সংসদে বক্তব্য দেন অর্থমন্ত্রী।
তাঁর দাবি, ব্যাংকগুলোর ওপর গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরছে। একসময় ব্যাংক থেকে বিপুল অর্থ তুলে নেওয়ার আশঙ্কা থাকলেও বর্তমানে বিপরীত প্রবণতা দেখা যাচ্ছে।
ব্যাংকিং খাতে নিট আমানত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ কার্যক্রমও ইতিবাচকভাবে এগিয়ে চলছে।
এসব উদ্যোগের ফলে আগামী দিনে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে বলে আশাবাদ প্রকাশ করেন অর্থমন্ত্রী।














মন্তব্যসমূহ