দেশের শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মাতৃভাষার পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা শেখা, খেলাধুলায় অংশগ্রহণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকার স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকেই এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি থাকবে। এতে ছয়-সাত ধরনের খেলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী পছন্দের খেলায় অংশ নিতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে।
ভাষা শিক্ষার বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।
তিনি জানান, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা নির্বাচনের সুযোগ থাকবে।
ভাষাগুলোর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো এবং প্রাণিকুলের প্রতি যত্নশীল আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বৃক্ষরোপণে উৎসাহ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।”
পরিবেশ সংরক্ষণকে সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়েই তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।
সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবনে আসেন।
এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। পাশাপাশি সংসদের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন এবং সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন।
পরে তারা সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনেও অংশ নেন।














মন্তব্যসমূহ