ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা নিজেই।
ভাইকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন ডিপজল। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনও পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে সোমবার (৯ নভেম্বর) মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। ওই দিন ফেসবুকে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
অসুস্থতার খবর জানানোর দুই দিন পরই ভাইয়ের মৃত্যুসংবাদ প্রকাশ করলেন এই অভিনেতা।
তবে আনোয়ার হোসেন আফজালের মৃত্যুর কারণ, বয়স এবং জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ