যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, এ নৌপথ পরিচালনার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। তার ভাষায়, যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ প্রণালি।
বুধবার (১১ নভেম্বর) সম্প্রচারিত আলজাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া সাত দফা শর্তের অংশ হিসেবেই দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে বলে জানান তিনি।
হরমুজ প্রণালির আইনি অবস্থান ব্যাখ্যা করে গালিবাফ বলেন, সেখানে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এ প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার দাবি, নৌপথটির নিয়মকানুন এর দুই তীরবর্তী দেশের নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়।
যুদ্ধ বন্ধে ইরানের সাত দফা শর্ত
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা শর্তের বিষয়ে তেহরান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান গালিবাফ। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।
তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া।
গালিবাফের দাবি, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব বিষয় অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।
চুক্তির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ না করে আগে সম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’
তবে দুই দেশের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দীর্ঘদিনের অবিশ্বাসকে বড় বাধা হিসেবে দেখছেন তিনি।
সাক্ষাৎকারে গালিবাফ জানান, মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন।
ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও পরাজয়ের মুখে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন বলে মন্তব্য করেন।
ইরান বর্তমানের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় উল্লেখ করে গালিবাফ বলেন, এ জন্য সামরিক সক্ষমতাসহ দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রতিরোধক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।
ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যকার সংঘাত নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন গালিবাফ। তার মতে, এ সংঘাতে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ করা উচিত নয়।
তবে ইয়েমেনের সরকার ও সৌদি আরব—উভয় পক্ষ ইরানের সহযোগিতা চাইলে সংঘাত নিরসনে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান তিনি।
এর আগে গত অক্টোবরে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ