পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) প্রদেশটির কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানিয়েছেন, অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে পুলিশের একটি দল অভিযানে যাচ্ছিল। পথে বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া তথ্যে পুলিশের এই মুখপাত্র আরও জানান, হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে।
সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) পরিসংখ্যানেও পাকিস্তানে সহিংস হামলা বৃদ্ধির চিত্র উঠে এসেছে।
সংস্থাটির হিসাবে, ২০২২ সালে পাকিস্তানে ৬৫৮টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় চার গুণ হয়েছে।
তবে কোহাটে পুলিশের ওপর সর্বশেষ হামলায় কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি।














মন্তব্যসমূহ