ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। আগের দিন দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বুধবার (১১ নভেম্বর) আবার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। প্রণালিটিতে ধারাবাহিক জাহাজে হামলার ঘটনা বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়।
হরমুজ প্রণালি ও সংলগ্ন জলপথে সাম্প্রতিক হামলার পরিসংখ্যানও বাজারের উদ্বেগ বাড়াচ্ছে। নতুন তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এসব জলপথে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির হিসাবে, চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।
রয়টার্স রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, ওই দিন হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়। সেগুলোর মধ্যে ন্যাভিগএইটের ট্যাংকারটিও ছিল।
এ ছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একই দিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলাচলের সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে সমুদ্রের মাইন অপসারণ, জাহাজের বিমা ব্যয় এবং ঝুঁকি নিয়ে চলাচলে জাহাজমালিকদের সম্মতি।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, প্রণালিতে জাহাজের ওপর হামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে। ফলে সম্ভাব্য চুক্তির পরও বাণিজ্যিক জাহাজ চলাচল কতটা স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকছে।
এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মন্তব্য করার পর বাজারে এই পতন ঘটে। তবে পরবর্তী সময়ে দাম আবার কিছুটা বেড়ে যায়। অন্যদিকে, ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা চলছে না।
তেলের বাজারে প্রভাব ফেলছে সরবরাহসংক্রান্ত পরিস্থিতিও। বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে চালানো নতুন ড্রোন হামলাগুলো দেশটির পরিশোধন কার্যক্রমে প্রভাব ফেলেছে।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা এ উদ্যোগে নতুন করে সক্রিয় হয়েছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গত ফেব্রুয়ারির পর দুই দেশের মধ্যে এটিই প্রথম শান্তি আলোচনা।
সূত্র: রয়টার্স।














মন্তব্যসমূহ