দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রাকে নতুনভাবে সূচনা করেছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সূচনা বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অত্যন্ত দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের সচেতন জনগণ তাঁদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুগে যুগে বারবার সাহস, ত্যাগ ও অপরিসীম দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিচারহীনতার সংস্কৃতি, অন্যায়, অত্যাচার ও ভোটারবিহীন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের স্তম্ভগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। তবে চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থান মানুষের সেই হারানো অধিকার ফিরিয়ে দিয়েছে। গণতন্ত্র ছাড়া কোনো দেশেই টেকসই ও প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংসদকে কার্যকর করার গুরুত্ব তুলে ধরে তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, জাতীয় সংসদের ওপর জনগণের গভীর প্রত্যাশা রয়েছে। জনগণের প্রদত্ত রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং মৌলিক নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের প্রধানতম সাংবিধানিক দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তিই হলো খোলামেলা আলোচনা, যৌক্তিক বিতর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। স্বাধীনতা অর্জনের সেই ইতিহাস আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য গৌরবময় অধ্যায়, যা আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক, যা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ও একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও সংসদ সদস্যদের দায়িত্ব পালনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।














মন্তব্যসমূহ