আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত ৩০ জুনের পরিবর্তে এখন ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ থাকবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই পরিকল্পনার ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম কত দিন পর্যন্ত পরিচালনা করা সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার জানান, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় নির্ধারিত ছিল ৩০ জুন। তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হলেও নতুন সময়সূচি বাস্তবায়নে কোনো জটিলতা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। একই সঙ্গে সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করে একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে।
মন্তব্যসমূহ