শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও দেশের কয়েকটি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মালিকসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার দেশের সব ব্যাংকের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিল্পগ্রুপের মালিক এবং রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। তবে যাঁদের হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, সেই ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা কিংবা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
হিসাব জব্দের নির্দেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি। এ তালিকায় আরও আছেন রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদীর নামও রয়েছে তালিকায়।
শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যাঁদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম।
তালিকায় আরও রয়েছেন নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।
তবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগের প্রকৃতি এবং গোয়েন্দা তথ্যের বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি।














মন্তব্যসমূহ