তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিশ্চিত করার আশ্বাস দিয়ে কেউ টাকা চাইলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ’-এর আওতায় ঋণ দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা চালানোর বিষয়টি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। প্রতারক চক্রটি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে অর্থ সংগ্রহের চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম নির্ধারিত নিয়ম মেনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থ দাবি করলে তাদের সঙ্গে লেনদেন না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। কর্মসূচির নাম ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিংবা প্রতারণা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতারণা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’।
এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়ার কথা রয়েছে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে বিতরণের পরিকল্পনা করা হয়েছে।
দেশের উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। গত ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে অর্থায়ন নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
প্রাথমিক পর্যায়ে আট জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। পরে গত ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের জন্যও আবেদন গ্রহণ শুরু হয়েছে।














মন্তব্যসমূহ