ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনতার দাবি মেনে নিন’: শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংশ্লিষ্টদের হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এবং রাজধানীতে গত দুই দিনে এর কিছু লক্ষণ দেখা গেছে বলে তিনি মনে করেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের রংপুরমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু হয়।শফিকুর রহমান বলেন, এটি ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লং মার্চ। এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। সেই কর্মসূচির পর রাজধানীতে অস্থিরতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, হতাশ হয়ে উত্তেজিত না হয়ে জনগণের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। তার বক্তব্য অনুযায়ী, বর্তমানে ৮ দফা দাবি থাকলেও ভবিষ্যতে তা ৯ বা ১০ দফায় বাড়তে পারে। প্রয়োজনে জাতির পরিস্থিতি বিবেচনায় এসব দাবি এক দফায় পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।শফিকুর রহমান বলেন, দাবি এক দফায় রূপ নিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই সে ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।দাবি আদায়ের আন্দোলন কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে থামানো যাবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য কোনো একক দলের দাবি নিয়ে মাঠে নামেনি; তাদের দাবি জনগণের দাবি বলেই তারা মনে করছেন।লং মার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।শফিকুর রহমান আরও বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। দাবি পূরণ করেই ঘরে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।এর আগে ১১ দলীয় ঐক্য জানিয়েছিল, ঢাকা থেকে রংপুরের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা অনুষ্ঠিত হবে। রংপুরে সমাপনী কর্মসূচির মধ্য দিয়ে লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

‘হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনতার দাবি মেনে নিন’: শফিকুর রহমান