ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ কোনোভাবেই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে নিহতদের স্মরণে ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
হলি আর্টিজান হামলাকে দেশের ইতিহাসের এক কালো অধ্যায় উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ওই ঘটনার ১০ বছর পার হয়েছে। এমন হামলা যেন আর কখনো না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সব সময় শক্ত অবস্থানে রয়েছে। হলি আর্টিজান হামলার পর জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমন কার্যক্রম জোরদারের মাধ্যমে বৈশ্বিক জঙ্গিবাদ মোকাবিলায়ও বাংলাদেশ ভূমিকা রেখেছে।
স্মরণসভায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া নিহতদের স্বজন এবং হলি আর্টিজান হামলার সময় জিম্মি অবস্থা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মর্মান্তিক ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ জন ভারতের এবং পুলিশসহ কয়েকজন বাংলাদেশের নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও ছিলেন।
এই হামলা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও গভীরভাবে শোকাহত করেছিল।
মন্তব্যসমূহ