বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে বিভিন্ন কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন তারা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকালে পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা একসঙ্গে সড়কে নেমে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের অবস্থানের কারণে পল্লী বিদ্যুৎ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই দিকেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।














মন্তব্যসমূহ