ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এসব এলাকায় মোট ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়াসহ গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায়ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছেন বিজিবি সদস্যরা।
এসব এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ের নজরদারির সমন্বয় করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইস।
এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এতে বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বিজিবির এই মোতায়েন ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।














মন্তব্যসমূহ