ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ত্রাসবাদের প্রভাব কমেছে বাংলাদেশে, বৈশ্বিক সূচকে ৪২তম

বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব কমেছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৬-এ ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪২তম। দেশটির স্কোর ১০-এর মধ্যে ২ দশমিক ২৮৬, যা বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব তুলনামূলকভাবে কম থাকার ইঙ্গিত দেয়। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ১৯ মার্চ প্রকাশিত এটি বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের ১৩তম সংস্করণ। প্রতিবেদনের মূল তালিকা অনুযায়ী, আগের সংস্করণের তুলনায় বাংলাদেশের অবস্থানের ৬ ধাপ উন্নতি হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম বা কিছু প্রতিবেদনে বাংলাদেশ ৩৫তম থেকে সাত ধাপ নেমে ৪২তম হয়েছে বলে যে তথ্য দেওয়া হচ্ছে, সেটি মূল প্রতিবেদনের সঙ্গে মেলে না। এখানে র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে যাওয়া ইতিবাচক। কারণ তালিকায় যে দেশে সন্ত্রাসবাদের প্রভাব সবচেয়ে বেশি, সেই দেশকে প্রথম স্থানে রাখা হয়। ফলে বাংলাদেশের ৪২তম অবস্থানের অর্থ হলো, আগের তুলনায় সন্ত্রাসবাদের প্রভাব কমেছে।বাংলাদেশের স্কোরও কমেছে। সর্বশেষ সূচকে স্কোর ২ দশমিক ২৮৬। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এই প্রভাবকে ‘কম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের প্রভাব পড়েছে পাকিস্তানে। ৮ দশমিক ৫৭৪ স্কোর নিয়ে দেশটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে। আফগানিস্তান ৬ দশমিক ৬৭৮ স্কোর নিয়ে ১১তম এবং ভারত ৬ দশমিক ৪২৮ স্কোর নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান ৪২তম। বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও সন্ত্রাসবাদের প্রভাব বেশি দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্র ৪ দশমিক ৫২১ স্কোর নিয়ে ২৮তম এবং যুক্তরাজ্য ২ দশমিক ৯৩৬ স্কোর নিয়ে ৩৮তম অবস্থানে রয়েছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক কোনো দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বা জঙ্গিবাদের ঝুঁকি শুধু একটি বছরের ঘটনার ভিত্তিতে নির্ধারণ করে না। সন্ত্রাসী হামলার সংখ্যা, এসব হামলায় নিহত ও আহতের সংখ্যা এবং জিম্মি হওয়ার ঘটনাসহ চারটি সূচক বিবেচনায় নিয়ে পাঁচ বছরের ওজনযুক্ত গড়ের ভিত্তিতে স্কোর নির্ধারণ করা হয়।এবারের প্রতিবেদনে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদেও উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। ২০২৫ সালে সন্ত্রাসী হামলায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ২৮ শতাংশ কমে ৫ হাজার ৫৮২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রায় ২২ শতাংশ কমে ২ হাজার ৯৪৪টিতে নেমেছে। মোট ৮১টি দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে সর্বশেষ বৈশ্বিক সূচক অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে মূল তথ্য হলো, সন্ত্রাসবাদের প্রভাব কমেছে, দেশটির অবস্থান ৪২তম এবং স্কোর ২.২৮৬।সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সন্ত্রাসবাদের প্রভাব কমেছে বাংলাদেশে, বৈশ্বিক সূচকে ৪২তম