প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।
সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো বৈঠকে গুরুত্ব পায়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
উভয় পক্ষ দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে একমত পোষণ করেন।
এ ছাড়া আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকগুলো নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
মন্তব্যসমূহ