আগামী দুই করবছরের জন্য ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবছরের জন্য করমুক্ত আয়ের সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা রাখার কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রীর নতুন প্রস্তাব কার্যকর হলে করদাতারা আরও ২৫ হাজার টাকা করমুক্ত আয়ের সুযোগ পাবেন।
অর্থবিল পাসের দিন জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ প্রস্তাব করেন।
তিনি বলেন, সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে করদাতারা কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ববোধ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে ব্যক্তি করদাতাদের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবছরের জন্য তিন লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা এবং ২০৩০-৩১ করবছরের জন্য চার লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, ব্যক্তি করদাতাদের করভার কিছুটা লাঘব করে তাদের স্বস্তি দিতে চায় সরকার। সে কারণে ২০২৬-২৭ করবছরের জন্য করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব করেন তিনি।
একই সঙ্গে ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবছরের জন্য এই সীমা চার লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবছরের জন্য পাঁচ লাখ টাকা করার বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ প্রস্তাবকে সাধারণ করদাতাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা বাড়ানো হলে নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা কিছুটা সুবিধা পেতে পারেন।
মন্তব্যসমূহ