সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন বলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রমাণহীন এমন বক্তব্য সংসদের কার্যবিবরণী (এক্সপাঞ্জ) থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে আলোচনাকালে এ ঘটনা ঘটে। এদিন হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেক সদস্যের ভাষা ব্যবহারে সংযত থাকা প্রয়োজন। হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে অর্থের বিনিময়ে সংসদ সদস্যদের সুপারিশের কথা বলেছেন, যা মোটেও সঠিক নয়। নূরুল ইসলাম মনি দাবি করেন, এই তথ্য সম্পূর্ণ অসত্য ও অসংসদীয়। এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও জমা দিতে পারেন। তবে প্রমাণ ছাড়া এমন বক্তব্য সংসদের কার্যবিবরণীতে রাখা উচিত নয় উল্লেখ করে তিনি বক্তব্যটি বাদ দেওয়ার জন্য অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি অনুরোধ জানান।
সারের ডিলার নিয়োগের পটভূমি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কৃষিপণ্য। সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দেওয়া হবে। সংসদের ওই সিদ্ধান্তের ভিত্তিতেই কৃষিমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেছেন।
তবে ডিলার নিয়োগের প্রজ্ঞাপনে কোনো ধরনের অসংগতি বা ভুল থাকলে তা নিয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব বলে জানান চিফ হুইপ। প্রয়োজনে প্রজ্ঞাপনে সংশোধন এনে এমন ব্যবস্থা করা উচিত, যাতে সংশ্লিষ্ট সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয় বলে তিনি মন্তব্য করেন।














মন্তব্যসমূহ