ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই গভর্নর বলেন, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য বারবার বদলেছে। একই সঙ্গে যুদ্ধের খরচও বেড়েছে।
শেরিল বলেন, আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।
তার ভাষায়, ট্রাম্প কখনও বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, কখনও বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। আবার কখনও সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।
শেরিল দাবি করেন, এখন পর্যন্ত এসব লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি ট্রাম্প।
তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তাই যুদ্ধ করে যুক্তরাষ্ট্র কী পেয়েছে, তা জনগণকে জানানো জরুরি।
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসনের নীতি ও লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সমালোচনা বাড়ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা থাকলেও পরিস্থিতি এখনো ভঙ্গুর।
শেরিলের মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির প্রতি ডেমোক্র্যাটদের নতুন সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। তাঁর দাবি, যুদ্ধের খরচ ও ঝুঁকি বাড়লেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাস্তবে কতটা বেড়েছে, সে বিষয়ে প্রশাসন পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ