অভিবাসন ও শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) আদলে সরাসরি বাসাবাড়িতে অভিযান চালানোর আইনি সুযোগ তৈরি হয়েছে ইউরোপের দেশ বেলজিয়ামে। অনিবন্ধিত অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কার করতে পুলিশের জোরপূর্বক বাসাবাড়িতে প্রবেশের অনুমতি দিয়ে নতুন একটি আইন অনুমোদন করেছেন দেশটির আইনপ্রণেতারা। বুধবার (১১ নভেম্বর ২০২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামে অবস্থানের অনুমতি বা আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের হার বাড়াতে ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে কয়েক মাস ধরেই তীব্র বিতর্ক চলছিল। গত শুক্রবার পার্লামেন্টে আইনটি অনুমোদনের আগে এর প্রতিবাদে দেশজুড়ে ৬০টিরও বেশি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বেসরকারি সংস্থা, বিচারক ও আইনজীবী সমিতিও এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। সমালোচকেরা বেলজিয়ামের এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে আইসিইর কঠোর গ্রেফতার অভিযানের সঙ্গে তুলনা করছেন।
আগামী বসন্তে কার্যকর হতে যাওয়া এই আইন অনুযায়ী, বেলজিয়ামের অভিবাসন দপ্তর কোনো বাসায় কাগজপত্রহীন অভিবাসী অবস্থান করছেন বলে সন্দেহ করলে সেখানে প্রবেশের অনুমতি চেয়ে তদন্তকারী বিচারকের কাছে আবেদন করতে পারবে। এমনকি বন্ধু বা পরিবারের সদস্যদের বাড়িতে আশ্রয় নেওয়া অভিবাসীরাও এর আওতায় পড়বেন। আদালতের পরোয়ানা পাওয়ার পর পুলিশ ভোর ৫টা থেকে রাত ৯টার মধ্যে বাসিন্দাদের সম্মতি ছাড়াই বাড়িতে প্রবেশ করতে পারবে—যে সময় বাড়িতে শিশুরাও উপস্থিত থাকতে পারে। ভেতরে প্রবেশের পর পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক এবং পরিচয়পত্র খুঁজতে তল্লাশি চালাতে পারবে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বেলজিয়ামে যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যারা দেশ ছাড়ার নির্দেশ অমান্য করেছেন এবং জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন—কেবল তাদের লক্ষ্য করেই এসব ব্যবস্থা নেওয়া হবে। তবে সমালোচকদের মতে, আইনে ‘জননিরাপত্তার জন্য হুমকি’ বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। অনুমতি ছাড়া কাজ করা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা কিংবা দোকান থেকে পণ্য চুরির মতো ঘটনাতেও ‘হুমকি’ শব্দটি ব্যবহারের নজির রয়েছে। ফলে কার বাড়িতে অভিযান চালানো হবে, তা শেষ পর্যন্ত বিচারকদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ আইনে রাখা হয়নি।
নতুন এই আইনের তীব্র নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরাসিভাষী বেলজিয়াম শাখার পরিচালক ক্যারিন থিবো বলেন, “এটি ভয়ের আইন। এটি সত্যিই মানুষের মধ্যে এবং বিশেষ করে শিশু ও আশ্রয়দাতা পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেবে।” তিনি আরও উল্লেখ করেন, অপরাধীদের মোকাবিলা করার জন্য প্রচলিত বিচারব্যবস্থায় আগে থেকেই সব ধরনের আইনি ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২০টি মানবাধিকার সংগঠন যৌথভাবে সতর্ক করে বলেছে, এই আইন বৈধ কাগজপত্র না থাকাকে অপরাধপ্রবণতার সঙ্গে এক করে দেখার প্রবণতাকে আরও উসকে দেবে। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত বাসস্থান অলঙ্ঘনীয় এবং সেখানে বসবাসকারীদের প্রশাসনিক অবস্থার ওপর কখনোই এই সাংবিধানিক নীতির প্রয়োগ নির্ভর করা উচিত নয়।
সূত্র: দ্য গার্ডিয়ান।














মন্তব্যসমূহ