দেশে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম হবে ১ ডলার ১৮ সেন্ট।
বুধবার (৭ অক্টোবর) জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে আদেশ জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আদেশ অনুযায়ী, বুধবার রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে এবার প্রতি লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের আগের দাম ছিল ১ দশমিক ০৭ ডলার। নতুন করে তা ১ ডলার ১৮ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে জেট ফুয়েলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। জুলাইয়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। পরে তা বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়। সেপ্টেম্বরে আরেক দফা বাড়িয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। এবার তা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সায় পৌঁছেছে।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণ শুরু করে বিইআরসি। তখন জানানো হয়েছিল, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশে জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হবে। বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও দাম কমানো হবে।
বিইআরসির হাতে মূল্য নির্ধারণের দায়িত্ব যাওয়ার আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত। ওই সময়ে একই মাসে একাধিকবার মূল্য সমন্বয়ের নজিরও রয়েছে।
মন্তব্যসমূহ