হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আরও জোরালো আন্তর্জাতিক সমর্থন চেয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাইরি বলেছেন, ইয়েমেনে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়; এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থও জড়িত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান।
আফরাহ আল-জুবাইরি বলেন, অস্ত্রের মাধ্যমে ইয়েমেনের জনগণের মতামত ও আকাঙ্ক্ষা দমন এবং সাধারণ মানুষের সন্তানদের জীবনকে বিপর্যস্ত করার অভিযোগে হুথি মিলিশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের জনগণ, রাষ্ট্র ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন।
তিনি বলেন, ইয়েমেনে উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা হলেও হুথিদের কর্মকাণ্ড বন্ধ হয়নি। ফলে পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, হুথিদের কর্মকাণ্ডের প্রভাব এখন আর শুধু ইয়েমেনের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের হুমকি ও অপরাধ দেশের সীমানা ছাড়িয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি করেছে।
আল-জুবাইরি বলেন, হুথিদের আগ্রাসন বন্ধ করা এবং তাদের ‘বিশ্বাসঘাতক অভ্যুত্থানের’ অবসান ঘটানো এখন শুধু ইয়েমেনের দায়িত্ব নয়; এটি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্ট সবার স্বার্থের বিষয়। এ পরিস্থিতিতে তিনি হুথিদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি ইয়েমেন সরকার ও জনগণকে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ