যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে সম্মত হওয়া সাতটি শর্ত পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
ইরানি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে জানা গেছে, তেহরানের কূটনৈতিক প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া আসার পরই এমন কড়া বার্তা এল। মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, গণমাধ্যমে এক কথা বললেও যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভিন্ন প্রস্তাব পাঠিয়েছে। তবে তাদের বুঝতে হবে যে আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়ে গেছে।
ইরানি স্পিকার স্পষ্ট করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও অনড়। গত জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত যুক্তরাষ্ট্র যতক্ষণ না মানবে, ততক্ষণ হরমুজ প্রণালী কোনোভাবেই খুলে দেওয়া হবে না।
একই দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বক্তব্যে জানান, ওয়াশিংটনের সঙ্গে চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি সতর্ক করে বলেন, প্রতিপক্ষ যদি আবারও সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে ইরান আরও কঠোরভাবে জবাব দেবে।
মন্তব্যসমূহ