সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লেবাননের উদীয়মান সংগীতশিল্পী নাদা দানদাশ। লেবাননের সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে থাকা এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে তার নিজ শহর হারমেল ও ভক্তদের মধ্যে শোক নেমে এসেছে।
দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার বিভিন্ন গান, কনসার্ট ও টেলিভিশন অনুষ্ঠানের ভিডিও ও স্মৃতি শেয়ার করছেন।
নাদা দানদাশ ভক্তদের কাছে ‘ওরন্তেসের কন্যা’ নামে পরিচিত ছিলেন। লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের সঙ্গে তার এই পরিচয়ের যোগসূত্র রয়েছে। শহরটির মধ্য দিয়ে প্রবাহিত ওরন্তেস নদী আরবিতে ‘আসি’ নামে পরিচিত। নিজের বেড়ে ওঠার অঞ্চল নিয়ে তিনি গর্ব প্রকাশ করতেন।
সংগীতে ঐতিহ্যবাহী আবেগনির্ভর আরবি গানের ধারা ‘তারাব’-এর সঙ্গে জনপ্রিয় আধুনিক সংগীতের সমন্বয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছিলেন নাদা।
২০২৪ সালের মে মাসে এলবিসির ‘আল মাসরাহ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বৃহত্তর দর্শক-শ্রোতার নজরে আসেন তিনি। কার্লা হাদ্দাদের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে ‘মাশওয়ার আল হায়াত’ পরিবেশন করেন নাদা। গানটি প্রয়াত লেবানিজ শিল্পী নিহাদ তারাবায়ের সঙ্গে সংশ্লিষ্ট। এই পরিবেশনা তার কণ্ঠ ও সংগীতধারাকে আরও বিস্তৃত শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।
ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত উপস্থিত হচ্ছিলেন নাদা। ২০২৬ সালের জানুয়ারিতে আল জাদিদ টিভির ‘সাবাহ আল ইয়াওম’ অনুষ্ঠানে তিনি নিজের সংগীতযাত্রা এবং ঐতিহ্যবাহী আরবি গান ও জনপ্রিয় সংগীতের সমন্বয়ে যে শিল্পীসত্তা গড়ে তুলতে চেয়েছিলেন, তা নিয়ে কথা বলেন। এটি তার জীবনের শেষ দিকের অন্যতম টেলিভিশন উপস্থিতি হয়ে রইল।
সূত্র : গালফ নিউজ
মন্তব্যসমূহ