আর মাত্র দুই দিন। এরপরই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। দেশটির জার্সিতে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার পর চোখের পলকেই তা শেষ হয়ে গেছে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে, এমনটা হওয়ারই ছিল।
মেসির বিদায়ী ম্যাচের আবহ নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটা মনুমেন্তাল থাকত, সবগুলোই ভরে যেত। সারা দেশ থেকে আমাকে বার্তা পাঠিয়েছে। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করা বাকি। নস্টালজিয়াটা থেকে যাবে, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, যখন সে থাকে না। এবার সে আর থাকবে না।’
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনাও বুঝতে পারছেন বলে জানান আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘আমি সবার উত্তেজনা বুঝতে পারছি। তার রোমাঞ্চটাও। মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য ভোলার নয়। তার এই দিনের অংশ হতে পারছি বলে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন বাকি আছে। অল্প যে সময়টুকু আছে, সেটা উপভোগ করব।’
আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রভাব নিয়েও কথা বলেছেন স্কালোনি। তার মতে, দলের প্রতি মেসির নিবেদনই তার সবচেয়ে বড় উত্তরাধিকার। আর্জেন্টিনা কোচ বলেন, ‘তার লেগ্যাসি হলো সব সময় দলের হয়ে থাকার ইচ্ছা। সে সবার আগে আসত, সবার পরে যেত। নিজের যত্ন নেওয়া, প্রতিটি ম্যাচের জন্য তৈরি হওয়ার ধরন। এগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সতীর্থরা দেখে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। সে অতুলনীয় কিছু রেখে যাচ্ছে।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলকে সামনে এগিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন স্কালোনি। তবে মাঠে মেসিকে না পাওয়ার অনুভূতি যে একেবারেই আলাদা হবে, সেটিও স্পষ্ট করেছেন তিনি।
স্কালোনি বলেন, ‘খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি অনন্য। মাঠে নেমে সে যা ছড়িয়ে দেয়, তা আমি আর কারও মধ্যে দেখিনি। আমরা সেটাই হারাব। আর্জেন্টিনা জাতীয় দল থাকবেই।’
মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে তাই আর্জেন্টিনাজুড়ে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সমর্থকদের বিপুল আগ্রহে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়াই বলে দিচ্ছে, জাতীয় দলের জার্সিতে মেসির শেষ মুহূর্তগুলো সামনে থেকে দেখার জন্য কতটা উন্মুখ হয়ে আছে আর্জেন্টাইনরা।
মন্তব্যসমূহ