রাজধানীর যানজট কমাতে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণ প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের কাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রকল্পটির বিদ্যমান পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা ঠিক করে সেই অনুযায়ী দ্রুত কার্যক্রম এগিয়ে নিতে বলেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা সভায় অংশ নেন।
মন্তব্যসমূহ