হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যায় গত ২০ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন সাইদুর রহমান বাচ্চু।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার পক্ষ থেকে অসুস্থ বিএনপি নেতার খোঁজ নিতে হাসপাতালে যান রাশেদ খাঁন।
হাসপাতালে তিনি কিছু সময় সাইদুর রহমান বাচ্চুর পাশে অবস্থান করেন। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাচ্চুর হাতে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাসপাতালে আসার জন্য সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাইদুর রহমান বাচ্চু।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মন্তব্যসমূহ