দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন ও নিশ্চিত রোগী মিলিয়ে ১ হাজার ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
চলতি বছর হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ