ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। বৈঠকে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হায়ার এডুকেশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে হিট প্রকল্পের আওতায় নেওয়া বিভিন্ন উপপ্রকল্পের প্রস্তাব, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
গবেষণার ফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের প্রয়োজনে কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান ও গবেষণা সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময়ে বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের ‘মিড-টার্ম রিভিউ মিশন’ গত ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছে।
মন্তব্যসমূহ