দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮২ জন, সিলেটে ১৫৬ জন, বরিশালে ১৩০ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুর বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
একই সময়ের মধ্যে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে পৌঁছেছে। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৫১ জনের শরীরে।
হাম ও এর উপসর্গে নতুন করে মৃত্যু এবং বিপুলসংখ্যক রোগী হাসপাতালে আসায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।