আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কত্বে লিওনেল মেসির পর কে আসবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি জাতীয় দল থেকে বিদায় নিলে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড উঠবে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর হাতে।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর ২০২৬ বিশ্বকাপেও দলের অধিনায়ক ছিলেন মেসি। তার সম্ভাব্য বিদায়ের পর নতুন অধিনায়ক নিয়ে আলোচনায় বেশ কয়েকজনের নাম থাকলেও শেষ পর্যন্ত রোমেরোকেই বেছে নিয়েছেন স্কালোনি।
বিশ্বকাপের পর কিছুদিনের বিরতি শেষে নতুন চক্রে ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হয়েছে। এই সময়ে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এএফএর অনুশীলন কমপ্লেক্সে দলের প্রস্তুতির মধ্যেই সংবাদ সম্মেলনে রোমেরোর অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্কালোনি।
তিনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি (আর্মব্যান্ড) পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’
এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রোমেরোকে মেসির পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেন স্কালোনি। এতদিন অবশ্য বিষয়টি অনেকটাই অনুমিত ছিল। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের নেতৃত্ব দেওয়ার সামর্থ্য এবং রক্ষণভাগ থেকে সতীর্থদের সংগঠিত করার সক্ষমতার ওপর আস্থা রয়েছে আর্জেন্টিনা কোচের।
তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসার সুযোগ থাকছে। আপাতত অবশ্য স্কালোনির পছন্দের অধিনায়ক রোমেরোই।
আর্জেন্টিনার হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের এই সেন্টার-ব্যাক। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।
এরপর ওই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও দলের অধিনায়ক ছিলেন তিনি।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার রক্ষণ সামলানোর পাশাপাশি সতীর্থদের সংগঠিত রাখা এবং মাঠে নেতৃত্ব দেওয়াও রোমেরোর অন্যতম বড় দায়িত্ব হবে।