ইরানকে ‘ধ্বংস’ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এবার তেলেগু সিনেমার দৃশ্য ব্যবহার করে ব্যঙ্গাত্মক জবাব দিয়েছে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস। তেলেগু অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত জনপ্রিয় অ্যাকশন সিনেমা ‘ভগবাণ্থ কেশরী’র একটি দৃশ্য ব্যবহার করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেছে দূতাবাসটি।
৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বালাকৃষ্ণের চরিত্র একদল সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয়েছেন। একপর্যায়ে চারদিক থেকে গুলি ছোড়া হলেও তিনি ম্যানহোলের ঢাকনা ঢাল হিসেবে ব্যবহার করেন। পরে একটি বন্দুক হাতে নিলেও সেটি দিয়ে গুলি না করে আক্রমণকারীদের দিকে একটি বড় গ্যাস সিলিন্ডার ছুড়ে দেন তিনি।
ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে ইরানি দূতাবাস ট্রাম্পের ইরানকে ধ্বংস করার বক্তব্যের প্রসঙ্গ তুলে ব্যঙ্গাত্মক মন্তব্য করে। পোস্টে বলা হয়, ট্রাম্প ইরানকে ধ্বংস করার কথা বলছেন, তবে তিনি জানেন ইরান অরক্ষিত নয়। একই পোস্টে ইরান সম্প্রতি হলিউডের পরিবর্তে ‘বলিউড’ দেখছে বলেও ব্যঙ্গ করা হয়।
তবে ইরানি দূতাবাসের পোস্টে ‘বলিউড’ শব্দটি ব্যবহার করা হলেও ভিডিওতে ব্যবহৃত দৃশ্যটি আসলে তেলেগু ভাষার সিনেমা ‘ভগবাণ্থ কেশরী’র। এ কারণে পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি বলিউডের নাকি তেলেগু চলচ্চিত্রশিল্পের—এ নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরান প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার সামনে বড় সিদ্ধান্ত রয়েছে—ইরানের সঙ্গে চুক্তি হবে, নাকি ইসলামি প্রজাতন্ত্রকে ‘ধ্বংস’ করা হবে। একই সঙ্গে তিনি আবারও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্পের ওই বক্তব্যের পরদিনই তেলেগু সিনেমার দৃশ্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক বার্তা দেয় জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস। পোস্টটির মাধ্যমে ট্রাম্পের বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি ইরানকে অরক্ষিত নয়—এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।