ইরান যুদ্ধকে কেন্দ্র করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ জলপথে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সময়ে ওমানের উপকূলের কাছে আরেকটি ট্যাঙ্কারে আগুন এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
রোববার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে চলাচলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে ট্যাঙ্কারগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি বাহিনী।
অন্যদিকে, ইউকেএমটিও জানিয়েছে, এর আগের দিন ওমানের খাসাব উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, সামরিক কর্তৃপক্ষ আগুনে আক্রান্ত ট্যাঙ্কারটি এবং এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
এ ছাড়া শনিবার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করে রেখেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষের অবস্থান, ইসলামি প্রজাতন্ত্রের অনুমোদিত নৌপথ ব্যবহার করেই কেবল এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ট্যাঙ্কার চলাচলে সহায়তা করছে ওয়াশিংটন।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কারণে এখানে জাহাজ চলাচল সীমিত হওয়া এবং একাধিক ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।














মন্তব্যসমূহ