দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৮৪ জনের শরীরে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০১ জনের। সে হিসাবে নিশ্চিত ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।
এ সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে। আর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
প্রতিবেদনে হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীদের তথ্যও তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে দুটি ভিন্ন পরিসংখ্যান উল্লেখ রয়েছে।
এক হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন বাড়ি ফিরেছেন।
প্রতিবেদনের আরেক অংশে হাসপাতালে ভর্তি সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে সারা দেশের হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করে আক্রান্ত, মৃত্যু, হাসপাতালে ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্য প্রকাশ করছে।