নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।