আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়কে ঘিরে আর্জেন্টিনায় শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। আগামী ৬ অক্টোবর মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ঘরের মাঠের সমর্থকদের সামনে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মেসির এই বিশেষ বিদায়ী আয়োজনে গ্যালারিতে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাবেক তারকা আনহেল ডি মারিয়া। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার সাবেক এই উইঙ্গার।
ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোজারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডি মারিয়া। সেখানে তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচের পর বুয়েনস আইরেসে থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? আমাকে গিয়ে দেখতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলব, তাই সম্ভবত সেখানেই থেকে যাব। এটা তো আমার পথেই পড়ে, আমি সেখানে থাকব।’
আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ের গুরুত্ব নিয়েও কথা বলেন ডি মারিয়া। তার মতে, দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্ব দেওয়া মেসিকে ছাড়া দলের সামনে বড় ধরনের পরিবর্তন অপেক্ষা করছে।
তিনি বলেন, ‘এত বছর পর লিওকে ছাড়া একটা দল! এটা কঠিন হবে, তাই না? বিশেষ করে আর্জেন্টিনাকে, পুরো বিশ্বকে সে যা কিছু দিয়েছে তার পর। আমরা সেই শেষ দিনটা উপভোগ করব।’
আর্জেন্টিনার তিন ম্যাচের এই সিরিজে বেনিনের বিপক্ষে ম্যাচেই খেলবেন মেসি। দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোসহ আরও কয়েকজন খেলোয়াড়ও এই বিশেষ আয়োজনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্য সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি তাই শুধু একটি প্রীতি ম্যাচ হিসেবেই নয়, আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি আবেগঘন সমাপ্তির আয়োজন হিসেবেও গুরুত্ব পাচ্ছে।