ইয়েমেনে হুথি বাহিনীর দ্রুত অগ্রযাত্রা নতুন করে বড় মানবিক সংকট তৈরি করেছে। মাত্র দুই সপ্তাহে দেশটির ভেতরে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরও প্রায় ৩ হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে জিবুতিতে পালিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকার পর ইয়েমেনের গৃহযুদ্ধ আবারও তীব্র হয়ে উঠেছে। গত সপ্তাহে হুথিরা মোখা বন্দরনগরী এবং লোহিত সাগর উপকূলের দক্ষিণাংশ দখল করার পর সরকার-নিয়ন্ত্রিত অঞ্চল ও সমুদ্রপথে মানুষের পালিয়ে যাওয়ার ঢল নামে।
তাইজ প্রদেশের আল-বিরিন শিবিরে আশ্রয় নেওয়া রাওইয়া হাসান জানান, গোলাবর্ষণ শুরু হলে তিনি ও তার সাত সন্তান প্রাণ বাঁচাতে খালি পায়ে পালিয়ে যান। কাপড়, খাবার, বিছানা, এমনকি গবাদিপশুও ফেলে আসতে হয়েছে তাদের। কয়েক বছর আগে যুদ্ধের কারণে তারা নিজ গ্রাম ছেড়েছিলেন; এবার আশ্রয় নেওয়া শিবিরটিও ছাড়তে হয়েছে।
মোখা থেকে পালিয়ে আসা আরেক পরিবার জানিয়েছে, হুথিদের অগ্রযাত্রার পর তারা দ্রুত এলাকা ছাড়ে। এডেনের কাছে আল-ফিরদাউস শিবিরে গিয়ে তারা পাতলা গদি ও পুরোনো কম্বল পেয়েছে। খাবার ও পানির জন্য এখন পুরোপুরি ত্রাণের ওপর নির্ভর করতে হচ্ছে।
ইয়েমেনে ২০২২ সালের যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের বাহিনীর মধ্যে আবারও পূর্ণমাত্রায় লড়াই শুরু হয়েছে। হুথিরা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, আর সৌদি আরব হুথি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে।
আইওএম জানিয়েছে, গত দুই সপ্তাহে শুধু ইয়েমেনের ভেতরেই অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর বাইরে প্রায় ৩ হাজার মানুষ এডেন উপসাগর পেরিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
সূত্র: রয়টার্স