ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। বাহিনীটি বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান নির্ধারিত আনুষ্ঠানিক রুট ব্যবহার করেই কেবল এই কৌশলগত জলপথ নিরাপদে অতিক্রম করা সম্ভব।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, নির্ধারিত নৌপথের বাইরে কোনো বিকল্প রুট ব্যবহার করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক।
বিবৃতিতে বলা হয়, “নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজ চলাচল অনুমোদিত নয়। সব নৌযানকে নির্দেশনা অনুযায়ী রুট অনুসরণ করতে হবে।”
এছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে আইআরজিসির সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, যুদ্ধ-পূর্ব অবস্থার মতো হরমুজ প্রণালির প্রশাসনিক কাঠামো আর আগের মতো থাকবে না।
তিনি আরও ইঙ্গিত দেন, কৌশলগত এই জলপথ নিয়ে নতুন নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে যেকোনো কড়াকড়ি আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: প্রেস টিভি