ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
রোববার (৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে সদস্য মোতায়েনের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলের মধ্যে সাভার, আশুলিয়া এবং মিরপুর এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিজিবি সদস্যরা।
শিল্পকারখানা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এসব এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বাহিনীর সদস্যরা।
গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।
শুধু মাঠপর্যায়ে সদস্য মোতায়েন নয়, বিজিবি সদর দপ্তর থেকেও পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাহিনীর মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম এবং লাইভ ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলগুলোতে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা, জনসাধারণের জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শিল্পাঞ্চলে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।














মন্তব্যসমূহ