আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল), নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান)।
আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ইসরাত জাহান চার আসামির পক্ষে লড়াই করেছেন। তিনি রায় ঘোষণার পর বলেন, আইন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে রায় বদলানোর চেষ্টা করা হলেও করা যায়নি। তিনি রায় মেনে নিতে বাধ্য হলেও সন্তুষ্ট নন।
অন্যদিকে ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে লড়াই করা আইনজীবী এম হাসান ইমামও বলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। ট্রাইব্যুনালের রায় সম্পর্কে তারা সন্তুষ্ট নন, তবে রায় মেনে নিয়েছেন এবং রায়ের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলার অধিকার তাদের নেই।