লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় রাজনীতিবিদ ও সরকারি চাকরিজীবীদের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের প্রধান কাজ বক্তৃতা দেওয়া, আর সরকারি চাকরিজীবীদের কাজের মধ্যে কিছু চুরি করা এবং কিছু কাজ করা রয়েছে।
দুর্নীতি প্রতিরোধের বিষয়ে কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ ও দেশের উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুর্নীতি দমনও তাদের দায়িত্বের অংশ।
তিনি বলেন, দুর্নীতি কে করে তা তিনি জানেন না। তবে সমাজে দুর্নীতি রয়েছে এবং কেউ দুর্নীতি করতে চাইলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই তা করার সুযোগ পাবে।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, তিনি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে অর্থ নেন, সেটিও সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই নেওয়া হবে।
আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও তা প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। দুর্নীতি কম বা বেশি হতে পারে, তবে এটি সমাজে থাকবে—এমন বাস্তবতা মাথায় রেখে দুর্নীতি প্রতিরোধকে গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সমাজকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, পরিবর্তন একসঙ্গে বা একই গতিতে হবে না। তবে বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজের পরিবর্তন ঘটানো প্রয়োজন।
ভবিষ্যৎ প্রজন্ম যেন অর্থবহ জীবনযাপন করতে পারে, সে ধরনের সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।