ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার মামলায় কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন তিনি।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মা ও মেয়ের মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।তদন্তের শুরুতেই পুলিশ মোবারক হোসেনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। ঘটনার দিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন মোবারক। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।মামলার তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়েছিল। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই পরিবারের বাসায় যাতায়াত করতেন।আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি সুমাইয়ার মা তাহমিনা বেগম দেখে ফেলেন।জবানবন্দি অনুযায়ী, এরপর তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে বুধবার মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড