ভেনেজুয়েলায় প্রায় একই সময়ে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ৭০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে একটি ২২ তলা ভবন। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেন। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির একই অঞ্চলে খুব অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ে। পরিস্থিতির কারণে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিহত ও আহতের সর্বশেষ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর কাছাকাছি লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে এখনও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, উপকূলীয় শহর মোরনের পশ্চিমে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। মাত্র এক মিনিটের ব্যবধানে কাছাকাছি আরেকটি এলাকায় দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনাকে ‘জোড়া ভূমিকম্প’ বলে অভিহিত করেন, যা তুলনামূলকভাবে বিরল।
প্রেসিডেন্ট রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্প দুটির পর আরও অন্তত ২০টি পরাঘাত অনুভূত হয়েছে। এতে আতঙ্ক আরও বেড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।
রাজধানীর আলতামিরা এলাকায় ধসে পড়া ২২ তলা ভবনটির ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের সময় ভবনের ভেতরে থাকা ৫৪ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা ওদালিস এসকালোনা বলেন, ‘সিঁড়িগুলো আলাদা হয়ে যাচ্ছিল, দেয়ালজুড়ে ফাটল দেখা দিয়েছিল। ছাদ থেকে বিভিন্ন জিনিসপত্র খসে পড়ছিল। এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা।’
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়াকে সহায়তা করতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।
সূত্র: এএফপি