ইসলামী বিশ্বের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় শক্তিশালী মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি কার্যকর জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ, সমন্বয় ও বাস্তবভিত্তিক সহযোগিতা জরুরি। এতে একদিকে যেমন অভিন্ন স্বার্থ সুরক্ষিত হবে, অন্যদিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক সংকট নিরসন, শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান সরকার, জনগণ ও সামরিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান দাবি করেন, ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। এই ঐক্যের কারণেই প্রতিপক্ষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানো হলে তা শুধু ইরান-পাকিস্তান সম্পর্কই নয়, পুরো মুসলিম বিশ্বের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্বের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কোনো মুসলিম দেশকে সংকটের মধ্যে একা ফেলে রাখা উচিত নয়। ইসলামী বিশ্বের শান্তি, সহযোগিতা ও ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি