ভোলা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ ঘটনায় ৮ হাজার কেজি সারসহ একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে ৮ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়।
কোস্টগার্ড জানায়, উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা সার ও জব্দ করা ট্রলার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।