স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি কমিশনার বলেন, ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটকেন্দ্র নির্ধারণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ চলছে।
তিনি জানান, আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।
নির্বাচনকে সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরা এবং বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, জামায়াতের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি প্রসঙ্গে ইসি কমিশনার বলেন, শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।