লক্ষ্মীরপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধসহ তার দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) এবং নাতনি পপি আক্তার (৬)।
স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘ সময় ধরে আর ওপরে উঠেননি। পরে তাকে খুঁজতে পানিতে নামলে দুই শিশুও ডুবে যায়।
স্থানীয়দের ধারণা, দাদাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়েই দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
নিহত আবু সিদ্দিক শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। তার নাতি পিয়াস ছেলে আব্দুল আজিজের সন্তান এবং নাতনি পপি মেয়ে সুমি আক্তারের সন্তান।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।