ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা করা হবে না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিই দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে এবং এই সক্ষমতাই জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি।
তার ভাষ্য অনুযায়ী, যদি ইরান প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে না তুলত, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারত।
তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সার্বভৌমত্ব রক্ষার অবিচ্ছেদ্য অংশ, তাই এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনার সুযোগ নেই।
ইরানের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর মানবাধিকার নীতিরও সমালোচনা করেন। তিনি দাবি করেন, তাদের বক্তব্য ও বাস্তবতার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
এ সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
সূত্র: প্রেসটিভি