ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিন্ধু পানি চুক্তি ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা, কড়া বার্তা ইসলামাবাদের

ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালের সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ভারতের পক্ষ থেকে নিজেদের অংশের পানি পুরোপুরি ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হলে এর জবাবে পাকিস্তান কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির বড় একটি অংশ সিন্ধু নদ ব্যবস্থার পানির ওপর নির্ভরশীল। তাই এই অধিকার ক্ষুণ্ন হলে পাকিস্তান নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।[BANGVIEWS-POST:904]মুসাদিক মালিক আরও বলেন, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী উজানের দেশ ইচ্ছেমতো ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করতে পারে না। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি এখনও কার্যকর রয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও উত্থাপন করা হতে পারে।একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, কোনো দেশ একতরফাভাবে এই চুক্তি বাতিল বা সংশোধন করতে পারে না। তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান অসীম মুনিরের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সিন্ধু নদীর পানি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দেশের জন্য একটি ‘রেড লাইন’।অন্যদিকে ভারতের অবস্থানও স্পষ্ট। দেশটির কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল সম্প্রতি জানান, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের পানি পুরোপুরি কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।[BANGVIEWS-POST:899]ভারত এর আগে জানায়, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নয়াদিল্লির দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুক্তি পুনর্বহালের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সিন্ধু পানি চুক্তি ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক ও পানি কূটনীতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।সূত্র : এনডিটিভি

সিন্ধু পানি চুক্তি ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা, কড়া বার্তা ইসলামাবাদের